পাবনার আমিনপুরে প্রতিমা ভাঙচুর চেষ্টা, আটক ১ - Pabnar Somoy

মীর্জা অপু (পাবনা)

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার কাজী শরীফপুর বারোয়ারি দুর্গা ও কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর চেষ্টা করেছে একজন দুষ্কৃতিকারী।

গত রাত সোমবার (২৯সেপ্টেম্বর) রাত ১১:৪০ মিনিটের দিকে উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের আমিনপুর থানার কাজী শরীফপুর বারোয়ারি দুর্গা ও কালী মন্দিরে আচমকা প্রবেশ করে মন্দিরের প্রতিমা ভাঙচুরের চেষ্টা করে।সে সময় পূজার ধুপ্তি ভেঙ্গে ফেলে এবং লক্ষ্মী প্রতিমার হাত ভেঙ্গে ফেলে।স্থানীয়রা সঙ্গে সঙ্গেই তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটক দুষ্কৃতিকারী রিয়াদ( ৩০) সে আমিনপুর থানা এলাকার নাটিয়াবাড়ি গ্রামের মোঃ আলহাজ্ব মোল্লার ছেলে।রিয়াদ মাসুমদিয়া কাজী পাড়া তার নানা বাড়িতে অবস্থান করছিলেন।তবে তার পরিবার সূত্রে জানা যায় রিয়াদ দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন।তার বাবা নেই মা ঢাকায় কাজ করেন।

এ বিষয়ে বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন বলেন,বেড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে সকল পূজা মন্ডপে আমাদের দলের নেতাকর্মীরা অবস্থান করছে।গত রাতে আমাদের অনাকাঙ্খিত ভাবে পূজা উদযাপনের সময় একজন বহিরাগত যাকে আমরা কেউই চিনি না সে হুট করে প্রতিমার হাত ভেঙ্গে ফেলে।তাৎক্ষণিক পূজা উদযাপন কমিটি এবং আমাদের ছেলেরা তাঁকে আটক করে থানায় সোপর্দ করেন।তিনি আরও বলেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আর যেন এমন ঘটনা না ঘটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমরা প্রতিটা মন্দিরে আরও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছি।

এ বিষয়ে আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান,আমিনপুর থানা এলাকায় ৪৯ টি প্রতিমা মন্দির রয়েছে।ইতিমধ্যে সকল মন্দির কমিটির সাথে বৈঠক করা হয়েছে।প্রতিটি মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়েছে।সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে পুলিশ ও পুলিশের টহল টিম।গত রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুঃখজনক।সব কিছু বুঝে উঠার আগেই দুষ্কৃতিকারী ছেলেটি ঘটনা ঘটিয়ে ফেলে।ওই স্থানেই পুলিশ মোতায়েন ছিলো সঙ্গে সঙ্গেই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।প্রতিটি মন্দিরে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে আশা করছি এমন ঘটনা আর ঘটবে না।

0/Post a Comment/Comments